Skip to main content

Ridge Bangla

২০২৬-২৭ অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য, একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আশাবাদ

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং নতুন বাজার সম্প্রসারণের উদ্যোগের কারণে আগামী দিনে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির আশা করছে সরকার।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সাউথ কোরিয়া ও ইউএই-এর সঙ্গে এফটিএ সম্পন্ন হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে আরও ৪-৫টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যসংক্রান্ত আলোচনা নিষ্পত্তি হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য আলোচনা শুরু হতে যাচ্ছে এবং উভয় পক্ষের আলোচক ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। এসব উদ্যোগের ফলে সামনের সময়ে রপ্তানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নামে একই হারে ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। তার ভাষায়, নামের পরিবর্তন হলেও শুল্কের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। এ কারণে বাংলাদেশের রপ্তানিতে মার্কিন শুল্কের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। একটি মাত্র খাতের ওপর রপ্তানি নির্ভরশীল থাকা কাঙ্ক্ষিত নয়। এ কারণে চামড়া, চামড়াজাত পণ্য, আইটি এবং জাহাজ নির্মাণ খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। এসব খাতের উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনীতির বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন