হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নির্ধারিত নৌপথ ছেড়ে যাওয়ার পরই জাহাজটি মাইনে আঘাতপ্রাপ্ত হয়।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর একটি নৌমাইনে ধাক্কা লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের সরকারি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ইরানি সংবাদমাধ্যমের দাবি, ট্যাংকারটি ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ অনুসরণ না করায় এই দুর্ঘটনা ঘটে।
তাসনিম আরও জানিয়েছে, এর আগে একাধিকবার ইরান সতর্ক করেছিল, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো যদি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তাহলে তার পরিণতির দায় তাদেরকেই বহন করতে হবে।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক ও হামলার ঘটনার পর এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।
তবে ট্যাংকারে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ বিষয়ে অন্য কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।