Skip to main content

Ridge Bangla

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স ঘোষণা মোদির

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রশ্নফাঁসমুক্ত করতে এই কমিটি সুপারিশ দেবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মোদি জানান, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার ত্রুটি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস

প্রধানমন্ত্রী বলেন, “টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতেই আসন্ন পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় তার সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মোদি বলেন, “যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা এখন জেলে পচে মরছেন। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি। আগামীকাল (সোমবার) সংসদেও আমরা একটি নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা করব।”

পরীক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য হতে হবে, আমাদের পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হতে হবে এবং এখন আমাদের পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

নন্দন নিলেকানি ছাড়াও টাস্কফোর্সে আরও কয়েকজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

সরকারের আশা, প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এই টাস্কফোর্স দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর করতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

This post was viewed: 6

আরো পড়ুন