Skip to main content

Ridge Bangla

ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার হলে তা লক্ষ্যবস্তু হবে, যুক্তরাজ্যকে হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহার করে, তবে সেই স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান উড্ডয়ন করিয়ে ইরানে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আগ্রাসী মার্কিন বাহিনী ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগেই যেমনটি বলেছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে কোনো ঘাঁটি ব্যবহার করা হলে, সেটি আমাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।”

আইআরজিসি আরও জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় যুক্তরাজ্য যেন কোনো ধরনের সহযোগিতা না করে, সে বিষয়ে লন্ডনকে সতর্ক করা হচ্ছে।

বিবৃতিতে যুক্তরাজ্যের সমালোচনা করে বলা হয়, দেশটির ইতিহাসে ইসলামী দেশগুলোকে বিভক্ত করা, ব্যাপক হত্যাকাণ্ড, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন দখল ও ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনায় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনেও যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও দাবি করা হয়।

আইআরজিসি আরও বলে, “তাদের ইতিহাসে যেন আর নতুন কোনো কলঙ্ক যুক্ত না হয়।”

তবে বিবৃতিতে ইরান কী ধরনের জবাব দিতে পারে বা সম্ভাব্য কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি।

এদিকে আইআরজিসির এই সতর্কবার্তার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন