গাজা উপত্যকার মধ্যাঞ্চলে চালানো এক অভিযানে হামাসের ড্রোন ইউনিটের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, নিহত হামাম ঈদ সংগঠনটির ড্রোন নির্মাণ ও ড্রোন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাম ঈদ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি হামাসের বিমান-সংক্রান্ত সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পুনরায় সক্রিয় করার চেষ্টা করছিলেন।
প্রসঙ্গত, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের ধাপে ধাপে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত ছিল।
তবে বাস্তবে ওই চুক্তির বাস্তবায়ন এখনো অনেকাংশে স্থবির রয়েছে। এ সময়ের মধ্যে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েল প্রায় প্রতিদিন সামরিক অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।