ভারতের বিরুদ্ধে পাকিস্তান কোনো ধরনের আগ্রাসন বা দুঃসাহস দেখালে তার জবাব এমনভাবে দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রোববার কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
বক্তব্যে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয়, তবে তা শুধু পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়েই হবে। এ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করে দেন।
তিনি বলেন, ‘ভারত তার মহাকাশ অভিযানের জন্য পরিচিত, আর পাকিস্তান চালাচ্ছে প্রক্সি মিশন। ভারত যখন মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, তখন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী পাঠাতে ব্যস্ত। ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, তখন পাকিস্তান জোগান দিচ্ছে সন্ত্রাস।’
‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বা তাতে লিপ্ত হয়, তাদের কী পরিণতি হতে পারে, এই অভিযানের মাধ্যমে তা স্পষ্ট কর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে বসে যারা সশস্ত্র বাহিনীকে অগ্রাধিকার দিতেন না, এখন আর সেই সময় নেই। বর্তমানে দিল্লিতে এমন একটি সরকার রয়েছে যা ভারতের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়।’