Skip to main content

Ridge Bangla

অভিবাসীবিরোধী সহিংসতায় দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন ১ লাখ ৬০ হাজারের বেশি প্রবাসী

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীবিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ায় আতঙ্কে দেশ ছাড়ছেন বিপুলসংখ্যক প্রবাসী। দীর্ঘদিনের বেকারত্ব ও সামাজিক বৈষম্যের জন্য বিদেশিদের দায়ী করে শুরু হওয়া এই আন্দোলনের জেরে প্রবাসীদের ওপর হামলা, মারধর, লুটপাট ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবুয়ে ও অন্যান্য দেশের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন।

গত কয়েক সপ্তাহে জোহানেসবার্গের থেম্বেলিহলে এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাই রাতে সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি বাড়িতে ঢুকে প্রবাসীদের মারধর করে এবং টাকা, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

হামলায় আহত মালাউইর নাগরিক মুসা আদি কুঞ্জে জানান, হামলাকারীরা পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করে। দক্ষিণ আফ্রিকা ছাড়ার জন্য তিনি যে অর্থ জমিয়েছিলেন, সেটিও ছিনিয়ে নেওয়া হয়।

সহিংসতার কারণে হাজার হাজার মালাউইর নাগরিক জোহানেসবার্গে নিজেদের কনস্যুলেটের বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তীব্র শীতের মধ্যেই নারী ও শিশুদের নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে বিভিন্ন সরকারি হাসপাতালে অভিবাসীদের চিকিৎসাসেবা পেতে বাধার অভিযোগও উঠেছে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেডিসিন্স স্যান ফ্রন্টিয়ার্স জানিয়েছে, মানসিক ও শারীরিকভাবে ঝুঁকিতে থাকা অনেক অভিবাসী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে এসব অভিযোগ নাকচ করেছেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী মামোলোকো কুবায়ি। তার দাবি, দেশে কোনো মানবিক সংকট নেই। আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের কেবল জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আলেকজান্দ্রা এলাকায় অভিবাসীবিরোধী মিছিল থেকে প্রকাশ্যে প্রবাসীদের বাড়িঘরে হামলা চালানো হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

দক্ষিণ আফ্রিকার সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ লাখ অভিবাসী বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

আগামী নভেম্বরের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যু দেশটির রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘মার্চ অ্যান্ড মার্চ’ নামে একটি প্রচারাভিযান জানিয়েছে, সব অবৈধ অভিবাসী দেশ না ছাড়া পর্যন্ত তারা প্রতি বৃহস্পতিবার আন্দোলন চালিয়ে যাবে।

This post was viewed: 3

আরো পড়ুন