ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধকে বিশ্বের নিপীড়িত জাতিগুলোর জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘দুর্ভেদ্য প্রাচীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের সুরক্ষাকে ইরানের একটি ‘কৌশলগত নীতি’ বলে অভিহিত করেন।
হিজবুল্লাহর মহাসচিব ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যপত্রের জবাবে খামেনি এসব মন্তব্য করেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খামেনি বলেন, হিজবুল্লাহর প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়ন ও ‘বৈশ্বিক দাম্ভিকতা’র বিরুদ্ধে সংগ্রামরত স্বাধীন জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তায় পরিণত হয়েছে।
চিঠিতে তিনি লেখেন, “লেবাননের হিজবুল্লাহ এখন জায়নবাদী ইসরায়েল ও তাদের সমর্থকদের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীগুলোর অগ্রদূত হিসেবে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে।”
তিনি আরও বলেন, এই ‘নিপীড়িত অথচ শক্তিশালী’ যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করা ইরানের কৌশলগত নীতির অংশ।
খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানসংক্রান্ত যেকোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং ইসরায়েলের ‘আগ্রাসন’ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহারের বিষয়টিকে প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেন।
একই সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার জন্য লেবাননের সাধারণ জনগণ, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভূমিকাও প্রশংসা করেন তিনি।