ভারত ধীরে ধীরে বিশ্বের একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেছেন, আন্তর্জাতিক অংশীদারিত্বের পাশাপাশি ভারত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে শক্তিশালী করে তুলছে।
রোববার (২৬ জুলাই) মাসিক বেতার অনুষ্ঠান ‘মান কি বাত’-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের সাহসিকতারও প্রশংসা করেন।
মোদি বলেন, “১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে কঠিন আবহাওয়া এবং শত্রুপক্ষের চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখান। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে। এটি আমাদের সেনাদের সাহসিকতাকে মনে করিয়ে দেয়।”
ভারতের প্রতিরক্ষা খাতের অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, “ভারত বৈশ্বিক বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। সঙ্গে নিজের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে।”
ভারতীয় প্রধানমন্ত্রী জানান, চলতি মাসের শুরুতে তার ইন্দোনেশিয়া সফরের সময় ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র নিয়ে দেশটির সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি আরও বলেন, চলতি মাসেই ভারত সফলভাবে দূরপাল্লার নির্দেশিত রকেটের পরীক্ষা সম্পন্ন করেছে। এ অর্জনের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, “এই সফলতার পেছনে রয়েছে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রম। মাত্র দুই থেকে তিনদিন আগে আমরা কুশা মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছি।”
বক্তব্যে ভারতের মহাকাশ খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, গত সপ্তাহে দেশের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১-এর সফল যাত্রা ভারতের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।