নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারকে শেয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর এলাকার পদ্মার চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে। পদ্মার চর এলাকায় তাঁর একটি মুরগির খামার ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খামারে শেয়ালের উপদ্রব ঠেকাতে জিয়ারুল চারদিকে জিআই তার দিয়ে বেষ্টনী তৈরি করেছিলেন। রাতে ওই তারে বিদ্যুতের সংযোগ দেওয়া হতো।
শনিবার সকালেও প্রতিদিনের মতো তিনি খামারে কাজ করতে যান। তবে অসাবধানতাবশত মূল বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করেই খামারের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁর দুই পা বিদ্যুৎযুক্ত তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
সকাল সাড়ে ৮টার দিকে জিয়ারুলের মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”