Skip to main content

Ridge Bangla

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রে তাঁর কয়েক দশকের অবদান, শক্তিশালী অভিনয় এবং চলচ্চিত্রশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামী ৩০ জুলাই শুরু হবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও যৌথভাবে এই আয়োজন করছে।

উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

৩১ জুলাই দ্বিতীয় দিনের আয়োজনে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইন্টারন্যাল জার্নি’। এদিন প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

তৃতীয় দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। পাশাপাশি প্রদর্শনের জন্য রাখা হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই আহমেদ শরীফের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা।

সমাপনী অনুষ্ঠানে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের ভিত্তিতে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা গায়ক-গায়িকাসহ মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন।

This post was viewed: 8

আরো পড়ুন