Skip to main content

Ridge Bangla

পশ্চিম তীরে ৭৬৩ নতুন আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত অবৈধ ইলি বসতিতে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। সাম্প্রতিক প্রাণঘাতী সহিংসতার পর ওই বসতি আরও সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোটরিচ জানান, পশ্চিম তীরে নতুন বসতি, কৃষিভিত্তিক আউটপোস্ট এবং আবাসিক কমিউনিটি নির্মাণের কার্যক্রম সরকার অব্যাহত রাখবে।

তিনি বলেন, নতুন ৭৬৩টি আবাসন ইউনিট নির্মাণ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে অবৈধ ইলি বসতির আকার প্রায় তিনগুণ হয়ে যাবে।

শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল গ্রামের কাছে সহিংসতায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করেই ওই সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে চলতি মাসে বেজালেল স্মোটরিচ ঘোষণা দেন, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ১৩০ কোটি শেকেল, অর্থাৎ প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

তিনি আরও দাবি করেন, ২০২২ সালের শেষ দিকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষিভিত্তিক আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ অবৈধ। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে এসব বসতি সম্প্রসারণের বিরোধিতা করে আসছে।

This post was viewed: 5

আরো পড়ুন