Skip to main content

Ridge Bangla

পশ্চিম তীরে সহিংসতার প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ, আটক ৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক শাসনের প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভ চলাকালে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তেলআবিবের কাপলান স্ট্রিটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা ব্যাহত করেন এবং সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় অন্তত নয়জনকে আটক করা হয়।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা বেড়ে যাওয়ায় ইসরায়েলের ভেতরেও এ নিয়ে সমালোচনা জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা এসব হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানের দাবি জানান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫০ জন শিশু রয়েছে।

এ সময়ে আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬৫২ জন ফিলিস্তিনি। পাশাপাশি ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯ হাজার ২৯৯ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটক আইনে আটক রাখা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার ঘটনায় জবাবদিহির অভাব নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে খুব কম ক্ষেত্রেই বিচারিক ব্যবস্থা নেওয়া হয়। একইভাবে, অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধেও খুব কম ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটে।

This post was viewed: 13

আরো পড়ুন