পশ্চিমবঙ্গের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটিকে প্রাচীন মন্দিরের স্থাপনা দাবি করে সেখানে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছেন হিন্দুত্ববাদী বিজেপির এক নেতা। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে একটি হিন্দু ডানপন্থি সংগঠন।
২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিষয়টি সংসদে উত্থাপন করেন হিন্দুত্ববাদী বিজেপির রাজ্যসভার সদস্য এবং বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। তার দাবি, আগে থেকেই সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
সমীক ভট্টাচার্যের ভাষ্য, স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশে নির্মিত আদিনাথ মন্দির ছিল। তিনি আরও দাবি করেন, মসজিদের ভেতরে থাকা হিন্দু প্রতীক ও স্থাপত্যও এ দাবির পক্ষে সমর্থন দেয়।
এদিকে, হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ দাবি করেছে, ঐতিহাসিক এ মসজিদে একটি শিবলিঙ্গ ছাড়াও বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এ ঘটনাকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছেন। তার ভাষ্য, ‘বিজেপি বা আরএসএস যখনই কোনো সুযোগ পায়, তখনই তারা এমনটা শুরু করে। প্রথম পর্যায়ে তারা ধর্মীয় কার্যকলাপ টেনে আনে। তারপর তারা সংঘাত ও বিভাজন তৈরি করে। আদিনা মসজিদ তারই সর্বশেষ উদাহরণ।’