Skip to main content

Ridge Bangla

গণভোটের রায় কার্যকর না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকার পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

১১ দলীয় ঐক্যের এক সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গায় জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য যে করুণ পরিণতি হয়েছে, সেই পরিণতি তিনি ভোগ করতে চান? সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, সরকার যদি জুলাই বিপ্লব, ছাত্র-তরুণদের আন্দোলন এবং দেশের ১৪শ’ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে এর পরিণতি বিএনপি ও তারেক রহমানের সরকারকে ভোগ করতে হবে।

বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। অন্যথায় বর্তমান নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে বিতর্ক শেষ হওয়ার পরও নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপি এখন শুধু সংশোধনের কথা বলছে, সংস্কারের বিষয়টি ভুলে গেছে। মৌলিক সংস্কারের জন্য সংস্কার পরিষদ বা গণপরিষদ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপি এতে সম্মত হলেও এখন তা বাস্তবায়ন করছে না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দামও দ্বিগুণ হয়েছে। পাশাপাশি বাজেটে মধ্যবিত্তের ওপর করের চাপ বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করায় বাংলাদেশ প্রত্যাশিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের ছাত্র-বিপ্লবীদের পক্ষ থেকে আন্দোলনকারীদের আন্তরিক শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম।

This post was viewed: 5

আরো পড়ুন