Skip to main content

Ridge Bangla

ভয়াবহ পানি সংকটে মার্কিন উপকূলীয় শহর, এক বছরের মজুত নিয়েই শঙ্কা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলীয় শহর করপাস ক্রিস্টি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে। ৩ লাখের বেশি জনসংখ্যার এই শহরটি বিশ্বের প্রথম কোনো আধুনিক মার্কিন শহর হিসেবে সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘস্থায়ী খরা, ক্রমবর্ধমান পানির চাহিদা এবং নতুন পানির উৎস তৈরির প্রকল্পে ধারাবাহিক বিলম্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শহরটির পানি সরবরাহের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে দ্রুত সম্প্রসারিত শিল্প খাত। বিশেষ করে পেট্রোকেমিক্যাল কারখানা এবং একটি প্লাস্টিক রাসায়নিক কারখানার বিপুল পানি ব্যবহার সংকটকে আরও তীব্র করেছে। জানা গেছে, ২০২২ সালে নির্মিত ওই প্লাস্টিক কারখানাটি প্রতিদিন শীতলীকরণের কাজে যে পরিমাণ পানি ব্যবহার করে, তা করপাস ক্রিস্টির সব বাসিন্দার দৈনিক পানির চাহিদার সমান।

সংকট মোকাবিলায় সমুদ্রের লবণাক্ত পানি শোধন করে ব্যবহারযোগ্য করার জন্য একটি শোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে অর্থায়নের সংকট, কঠোর নিয়ন্ত্রক প্রক্রিয়া এবং বিভিন্ন মহলের বিরোধিতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন আটকে রয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে টেক্সাসে বারবার খরা দেখা দেওয়ায় শহরের প্রধান জলাধারগুলোর পানির স্তর বিপজ্জনকভাবে কমে গেছে।

সাংবাদিক ও বিশেষজ্ঞদের মতে, করপাস ক্রিস্টি যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো শহরের তুলনায় সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়ার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। সাম্প্রতিক কিছু বৃষ্টিপাত পরিস্থিতিতে সামান্য স্বস্তি আনলেও শহরের মজুতে এখনো প্রায় এক বছরের পানিই অবশিষ্ট রয়েছে, যা বিশেষজ্ঞরা জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করছেন।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ গভীর নলকূপ খনন এবং শিল্পকারখানার ব্যবহৃত বর্জ্য পানি পুনর্ব্যবহারের পরিকল্পনা করছে। তবে নতুন সমুদ্রের পানি শোধনাগার নির্মাণে কয়েক বছর সময় এবং বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

ইতোমধ্যে শহরজুড়ে বাগানে পানি দেওয়া ও গাড়ি ধোয়ার মতো কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ রাখা বা নির্দিষ্ট সময়ের জন্য সরবরাহ সীমিত করারও সতর্কতা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন এবং ক্রমশ কমে আসা পানির উৎসের কারণে বিশ্বজুড়ে শহরগুলোর টিকে থাকার যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, করপাস ক্রিস্টির বর্তমান সংকট তারই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

This post was viewed: 14

আরো পড়ুন