জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড মিছিলে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, বার্লিনের বার্ষিক ‘প্রাইড প্যারেড’ বা ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদ্যাপন চলাকালে এ হামলার ঘটনা ঘটে। পরে হামলায় ব্যবহৃত সাদা রঙের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বার্লিনের স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক ইভা ব্রাউনগার্ট জানান, হামলার আগে তিনি মিছিলে উপস্থিত ছিলেন। পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি জানতে পারেন, একটি গাড়ি দ্রুতগতিতে মানুষের ভিড়ের মধ্যে উঠে যায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টাইগ সড়কে সাদা রঙের একটি গাড়ি মানুষের ওপর উঠে যায়। পরে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। হামলার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে প্রাইড মিছিলের বাকি কর্মসূচিও বাতিল করা হয়েছে। জার্মান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।