চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের এক পর্যায়ে ছেলের হামলায় স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে নিজ বাড়িতে বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে রোমি রাজ দাশগুপ্তের সঙ্গে তার মা কল্পনা দাশগুপ্তের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি কাঁচি দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই কল্পনা দাশগুপ্তের মৃত্যু হয়।
মাকে রক্ষার জন্য এগিয়ে এলে বাবা স্বপন দাশগুপ্তের ওপরও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে অ্যাম্বুলেন্সে তোলার পর তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত রোমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগে তাকে একাধিকবার পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। প্রায় ৩ থেকে ৪ মাস আগে তিনি সেখান থেকে বাড়ি ফেরেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন বলেন, আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে অ্যাম্বুলেন্সে তোলার পর তিনি মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।