ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তার আবাসস্থল হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এ তথ্য জানান।
এদিকে, শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তার আওতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।