Skip to main content

Ridge Bangla

ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তারা বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে জানান।

নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন যুবক পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে নদীর স্রোতে ভেসে তীরের দিকে আসছেন এবং বাঁচানোর জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে খবর দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, নিখোঁজ নারীর সন্ধান পাওয়ার বিষয়টি তারা জেনেছেন। তাকে শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। সেখানকার পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া মোসা. লাইজুর বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউচর আশ্রাফাবাদে। তিনি মো. ফুরকান মিয়ার স্ত্রী।

এর আগে শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন