Skip to main content

Ridge Bangla

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার দাবি, মহেশখালীতে জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

কক্সবাজারের মহেশখালী উপজেলার একদল জেলে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধারকারীদের দাবি, টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার সময় তারা কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন।

উদ্ধারকারী জেলেদের ভাষ্য অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই ব্যক্তিকে দেখতে পান তারা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান।

উদ্ধার হওয়া দুজন হলেন এস. এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডের ৭ নম্বর বাড়িতে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মাঝি জিয়াউর রহমান জানান, ওই দুই ব্যক্তি নিজেদের শ্রীলঙ্কার নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের দাবি, তারা বাবা-ছেলে। অনেকদিন আগে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে সমুদ্রে ভেসে যান এবং এরপর ৩৬ দিন ধরে সাগরে ছিলেন।

জিয়াউর রহমান আরও বলেন, উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, ভেসে থাকার পুরো সময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়েই জীবিত ছিলেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যেও এভাবেই তারা বেঁচে থাকার চেষ্টা করেন বলে জানিয়েছেন।

উদ্ধারকারী জেলেরা জানান, দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

তবে পুরো ঘটনার বিভিন্ন দিক এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক। প্রাথমিকভাবে তারা বাবা-ছেলে বলে জানা গেছে। তবে তারা কীভাবে সমুদ্রে ভেসে পড়েছিলেন, সত্যিই ৩৬ দিন সাগরে ছিলেন কি না এবং তাদের পরিচয়সংক্রান্ত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন