ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাভনীত সিং বিট্টু। আম আদমি পার্টি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টায়ও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, ‘ভারতের মানুষ, বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে আমি অটল আছি। নতুন উদ্যমে মানুষের জন্য কাজ করে যাব।’
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছরের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে মনোনীত করা হয়।