বাগেরহাট শহরে বাড়ি ফেরার পথে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে শহরে কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত নিজাম উদ্দিন বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। তবে হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনজীবীকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’