ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়কে থেমে থাকা ৩টি যানবাহনকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
পুলিশ জানায়, শনিবার সকালে ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে পড়ে। এরপর পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কভার্ডভ্যান এবং একটি মোটরসাইকেল ব্রেক করে থেমে যায়। এ সময় দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটরসাইকেল, কভার্ডভ্যান ও প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন একটি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।