দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৯ জনকে একত্র করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ভাইগড় ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা পুশ-ইন ঠেকাতে অবস্থান নেয়।
খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং এলাকাবাসীও ঘটনাস্থলে জড়ো হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানান। তাদের উপস্থিতি ও বিজিবির অবস্থানের মুখে বিএসএফ ওই ৯ জনকে নিয়ে সীমান্ত এলাকা থেকে সরে যায়।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, ভারতীয় বিএসএফ ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। কিন্তু আমরা তা প্রতিহত করে দিয়েছি। আমরা সীমান্তে প্রহরা জোরদার করে অবস্থান নিয়ে রয়েছি।