টানা ১৩ দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে আবারও সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও প্রথম দিনে সীমিত সংখ্যক যানবাহন চলতে পারে বলে জানিয়েছেন বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম।
গত ১২ জুলাই একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ার কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার পর শনিবার থেকে সেতুটি সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীন।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশের পুনর্নির্মাণকাজ ২৩ জুলাই বৃহস্পতিবার রাতেই শেষ হয়। এরপর ২৪ জুলাই শুক্রবার পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।
গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত এলাকায় থাকা একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে। একই সঙ্গে সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙ্গামাটিগামী এবং রাঙ্গামাটি থেকে বান্দরবানগামী যাত্রীবাহী বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনও সড়ক চালুর খবর না পাওয়ায় প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে।