Skip to main content

Ridge Bangla

১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব, বৈঠকে থাকছেন প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে

১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গুতেরেস। সেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

সফরকালে জাতিসংঘ মহাসচিব সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। আল-শারা নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাবেক কমান্ডার ছিলেন। গত বছর পর্যন্ত তার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বহাল ছিল।

২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করছেন। এরপর দেশটিতে দীর্ঘ ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।

বিশ্লেষকদের মতে, এই সফর প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক অগ্রগতি। ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।

আল-শারার সঙ্গে বৈঠকের পাশাপাশি সিরিয়ার সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠকে অংশ নেবেন গুতেরেস।

এ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত সিরীয় গোলান মালভূমি সফর করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমও পরিদর্শন করবেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেসের এই সফর একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তার ভাষায়, সিরিয়ার সামনে শুধু সংঘাত থেকে পুনরুদ্ধারের নয়, বরং আরও স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে।

যদিও সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে গুতেরেস কয়েক দিন সিরিয়ায় অবস্থান করবেন। আগামী সোমবার তিনি দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে পারেন।

বাশার আল-আসাদের পতনের পর সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেন। ওই সফরের সময় রাজধানী দামেস্কের একটি এলাকায় দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক সপ্তাহ পরই জাতিসংঘ মহাসচিবের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বোমা হামলার জন্য দায়ী চক্রকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন