Skip to main content

Ridge Bangla

মেয়েকে বাঁচিয়ে নিজেই হারালেন জীবন, হাওর ভ্রমণেই নিভে গেল বাবার প্রাণ

পরিবার নিয়ে কিশোরগঞ্জের হাওর ভ্রমণে গিয়ে মেয়েকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। আনন্দঘন সেই ভ্রমণ মুহূর্তেই এক হৃদয়বিদারক ঘটনায় পরিণত হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন।

পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় হাওর ভ্রমণের একপর্যায়ে করিমগঞ্জ উপজেলার শেষ সীমান্তে মিঠামইনের হাসানপুর ব্রিজ এলাকার একটি সড়কের পাশে নৌকা থামিয়ে গোসল করতে নামেন তারা। এ সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় তার মেজো মেয়ে মন্ত্রী আক্তার।

মেয়েকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন বাছির উদ্দিন মিলন। প্রাণপণ চেষ্টা করে মেয়েকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের সঙ্গে আর লড়াই করতে পারেননি তিনি। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন