Skip to main content

Ridge Bangla

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান যুদ্ধে জড়ালে ‘চরম মূল্য’ দিতে হবে চীন-রাশিয়াকে

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে চীন বা রাশিয়া সরাসরি জড়িত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি দেশ দুটি এ যুদ্ধে অংশ নেয়, তাহলে সেটি তাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি ডেকে আনবে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না।

একই পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন, মস্কো ইরানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। এ কারণে চীন ও রাশিয়া ইরান যুদ্ধের সঙ্গে জড়িত নয় বলেই তিনি বিশ্বাস করেন।

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, যদি তারা যুদ্ধে অংশ নিত, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হতো। এটি নিশ্চিতভাবেই তাদের সর্বোত্তম স্বার্থে হতো না।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত চারজন ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি স্থাপনায় হামলা চালায় ইরান। এরপর ওই হামলায় রাশিয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

তদন্তে দেখা হচ্ছে, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তেহরানকে ওই স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে কোনো ধরনের সহায়তা করেছে কি না, অথবা তথ্য কিংবা ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কি না।

তবে এ বিষয়ে মন্তব্য করতে বৃহস্পতিবার অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

অন্যদিকে, ইরানকে অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগে ইতোমধ্যে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি এবং একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

This post was viewed: 16

আরো পড়ুন