Skip to main content

Ridge Bangla

ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে নিহত অন্তত ১৫

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের প্রাণহানি ঘটে। একই দিনে পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে পৃথক হামলায় আরও পাঁচজন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনের বেলায় চালানো ওই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। তার ভাষ্য, ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে প্রতিরক্ষা খাতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে মাত্র একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে।

হামলার পর প্রথমে ধারণা করা হয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেসক্রেস্টনভ এবং সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত লিউবা শিপোভিচ হতাহত হয়েছেন। তবে পরে তারা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা নিরাপদ আছেন। বেসক্রেস্টনভ বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি অনুষ্ঠানে যাননি।

শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া আরও একটি বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। তার আশঙ্কা, সেটি একই দিন অথবা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চালানো হতে পারে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এমন একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখানে রাশিয়ার বেসামরিক এলাকায় হামলায় ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হচ্ছিল।

রাশিয়ার দাবি অনুযায়ী, ওই স্থানে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউক্রেনের ড্রোন ইউনিটের সদস্য এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনায় যুক্ত নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাতের বেলায় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কিরভ শহরে ছয়জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। যুদ্ধের সম্মুখসার থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে এ হামলা হয়েছে।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান জানিয়েছেন, শুক্রবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোন রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

This post was viewed: 9

আরো পড়ুন