ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্ত ছাড়া চলমান আন্দোলন বন্ধ হবে না বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। শুক্রবার দিল্লির জন্তর মন্তরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। এটি শুধু জন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দাবি নয়, বরং সারা দেশের মানুষেরও একই দাবি। তার ভাষ্য, শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তাকে পদত্যাগ করতে হবে, না হলে সরকারকে তাকে বরখাস্ত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পদত্যাগ বা বরখাস্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ককরোচ জনতা পার্টির এই মুখপাত্র বলেন, আন্দোলন এখন আর শুধু জন্তর মন্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাই সরকারের উচিত সাধারণ মানুষের অনুভূতি ও দাবির প্রতি গুরুত্ব দেওয়া।