Skip to main content

Ridge Bangla

শ্রমিক না পেয়ে বিপাকে কৃষক, বিনা পারিশ্রমিকে পাট কেটে দিল আনসার-ভিডিপি

শ্রমিক সংকট ও উচ্চ মজুরির কারণে জমির পাকা পাট কাটতে না পেরে বিপাকে পড়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার এক দরিদ্র কৃষক। তার সমস্যার কথা জানতে পেরে মানবিক উদ্যোগে বিনা পারিশ্রমিকে পুরো জমির পাট কেটে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জানা গেছে, অর্থাভাবে শ্রমিক নিয়োগ করতে না পারায় কৃষক মো. আলতাফ বিশ্বাসের পাকা পাট জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি জানার পর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুনের তত্ত্বাবধানে সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলামের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল তার জমিতে যায়। পরে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা বিনা পারিশ্রমিকে পুরো জমির পাট কেটে দেন।

কৃষক আলতাফ বিশ্বাস বলেন, “বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছেন। তাদের এই সহযোগিতা আমি কোনোদিন ভুলব না।”

ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম বলেন, “জেলা কমান্ড্যান্টের নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় মানুষের সেবায় কাজ করে।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন জানান, কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানালে জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, আনসার-ভিডিপির এ মানবিক উদ্যোগে কৃষক পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রাও এ উদ্যোগের প্রশংসা করেছেন।

This post was viewed: 3

আরো পড়ুন