Skip to main content

Ridge Bangla

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যাচ্ছে না আইওসি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। মানবাধিকারবিষয়ক সংস্থা ফেয়ারস্কয়ারের করা অভিযোগটি আইওসির এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছে সংস্থাটি। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

ফেয়ারস্কয়ারের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপ চলাকালে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেন, তিনি ইনফান্তিনোকে ফোন করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড পাওয়ায় বালোগুনের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে ট্রাম্পের হস্তক্ষেপের পর তার ১ ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, নিয়ম অনুযায়ী শাস্তি স্থগিত করার সুযোগ রয়েছে। পরে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলেন বালোগুন। যদিও সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে পরাজিত হয়।

২০২০ সাল থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় বলা হয়েছে, আইওসির সদস্যরা কোনো সরকার, সংস্থা বা অন্য কোনো পক্ষের কাছ থেকে এমন কোনো নির্দেশনা বা দায়িত্ব গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বা ভোট দেওয়ার ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে।

তবে আইওসি জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগ তাদের নৈতিকতা কমিশনের আওতায় পড়ে না।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ফিফা সভাপতিকে ঘিরে বর্তমান অভিযোগটি মূলত আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব পরিচালনা, ব্যবস্থাপনা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং খেলাধুলার নিয়ম বাস্তবায়নের বিষয়ে। এসব বিষয় আইওসি নৈতিকতা বিধির আওতার বাইরে।’

এদিকে আইওসির এ অবস্থান জানানোর একদিন আগে জানা যায়, ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তারা ‘তীব্র উদ্বেগ’ প্রকাশ করেছেন। আগামী বোর্ড সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

This post was viewed: 7

আরো পড়ুন