Skip to main content

Ridge Bangla

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিচার দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত শেষে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে সাহাবুদ্দিন চুপ্পু পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, একদিকে তিনি পদত্যাগপত্র না পাওয়ার কথা বলেছেন, পরে আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে এমন স্ববিরোধী অবস্থান তার নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করেছে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করেছে।

তারা আরও বলেন, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি এস আলম গ্রুপের ব্যাংকিং-সংক্রান্ত অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে সহযোগিতার অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, যে কারণেই সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে থাকুন না কেন, তার পদত্যাগে দেশের মানুষ স্বস্তি অনুভব করছে। তবে শুধু পদত্যাগের মাধ্যমে তার দায় শেষ হয়ে যায় না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার এবং জনগণের অধিকার হরণে জড়িত সব ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, দেশের মানুষ কোনো রাজনৈতিক সমঝোতা বা গোপন সমীকরণ নয়, বরং ন্যায়বিচার চায়। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি রোধে সব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের দাবি।

This post was viewed: 5

আরো পড়ুন