ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এই ইস্যুতে প্রথমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করার একদিন পরই আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
গত ২২ জুলাই দেওয়া এক পোস্টে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেন সালমান। এরপর বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আরেকটি পোস্টে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে থাকার অনুরোধ জানান।
নিজের বার্তায় সালমান লেখেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সালমানের ভাষায়, প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি বিশ্বাস করেন। তাই তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন নিজ নিজ বাড়িতে ফিরে মা-বাবার সঙ্গে থাকেন।
সালমানের এই অবস্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রেখেই কি তিনি এমন আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, শিক্ষার্থীদের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তিনি বলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কোনো আপস করবে না এবং দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই সরকারের লক্ষ্য।
এর আগে ২২ জুলাই দেওয়া পোস্টে সালমান খান লিখেছিলেন, আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে তা সহিংস হয়ে ওঠা দুঃখজনক। তিনি আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সেই পোস্টে তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস শিক্ষাব্যবস্থার অত্যন্ত গুরুতর একটি সমস্যা। একই সঙ্গে উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং তাদের পাশে অভিভাবকদের সমর্থনের প্রশংসা করেন তিনি। সালমানের মতে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গঠনে শিক্ষার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।