Skip to main content

Ridge Bangla

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

সরকারের নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও এ মুহূর্তে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে আগের শুল্ক কাঠামোর তুলনায় বাস্তবে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির মেয়াদ শেষ হওয়ায় দেশটির নিজস্ব আইন অনুযায়ী একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। শুধু নতুন নামে এটি কার্যকর করা হচ্ছে। তাই নতুন শুল্ক আরোপের ফলে কার্যত আগের অবস্থারই ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে প্রায় ১০০ জন চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন