দখলকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি অবৈধ অধিবাসী ও সেনাবাহিনীর সংঘর্ষে এক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ইসরায়েলি আহত হয়েছেন। একই সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত চার ফিলিস্তিনির মরদেহ নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টেল গ্রামের কাছে সশস্ত্র সেটলারদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি একজন সেটলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান। এতে ৩২ বছর বয়সী এক সেটলার নিহত হন। পরে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে ওই ফিলিস্তিনিকে হত্যা করে।
এ ঘটনার পর দখলকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির। ফিলিস্তিনিদের ওপর নিয়ন্ত্রণ ও সামরিক তৎপরতা জোরদারে ওই এলাকায় নতুন করে সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।