Skip to main content

Ridge Bangla

প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাশিয়ায় বিধ্বস্ত সু-৫৭ যুদ্ধবিমান

ইউক্রেন যুদ্ধ চলাকালে একাধিক যুদ্ধবিমান হারানোর পর এবার নিজ দেশের মাটিতেই প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাশিয়ার একটি সু-৫৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

রাশিয়ার আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল সু-৫৭ মডেলের যুদ্ধবিমান। এটি রাশিয়ার পঞ্চম প্রজন্মের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হয়েছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রেন টিভির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছে মস্কো অঞ্চলের ওদিনৎসোভো এলাকায়। তবে যুদ্ধবিমানটি কোন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ওই এলাকার কাছেই কুবিঙ্কা সামরিক বিমানঘাঁটি অবস্থিত।

এদিকে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবির অবস্থান বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, জভেনিগোরোদ শহরের কাছে লুৎসিনো ও শিখোভো গ্রামের মধ্যবর্তী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনভিত্তিক একটি টেলিগ্রাম চ্যানেলও ঘটনাস্থলের আগুন ও ধোঁয়ার ভিডিও প্রকাশ করেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সু-৫৭ রাশিয়ার বিমানবাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার রবার্ট ব্রোভদির দাবি, একটি সু-৫৭ যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার আকাশযুদ্ধ সক্ষমতায় সু-৫৭ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শত্রুপক্ষের রাডারে সহজে শনাক্ত না হওয়ার প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র বহনের সক্ষমতার কারণে এই যুদ্ধবিমানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

This post was viewed: 12

আরো পড়ুন