ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ- এমন অভিযোগ উঠেছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর দাবি, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এসব পোস্ট সরিয়ে ফেলতে বাধ্য করা হয়। শিক্ষার্থীদের পাঠানো একটি বার্তায়ও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর সংহতি জানিয়ে প্রকাশ করা সব ভিডিও ও পোস্ট মুছে নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।
এমন পরিস্থিতিতে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশের অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনার জন্ম দিয়েছে।