চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দর্শনা সীমান্তের ৭৬/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। তাদের মধ্যে একজন শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ ছিলেন।
বিষয়টি নজরে আসার পর বিজিবি দ্রুত ব্যবস্থা নিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। এ সময় ওই পাঁচজনকে সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়।
পরে বিএসএফ সদস্যরা তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।