চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। বিরল আকৃতির এ সামুদ্রিক মাছ দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। মাছটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কাজীর দেউড়ি মাছ বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন।
তিনি জানান, সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে দুই দিন আগে তার সঙ্গে যোগাযোগ করে মাছটির বিষয়ে জানানো হয়। পরে তিনি মাছটি কেনার সিদ্ধান্ত নেন। মাছটি কিনতে তার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া পরিবহন ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা।
আনোয়ার হোসেন বলেন, ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছের অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (২৫ জুলাই) পর্যন্ত বুকিং নেওয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ সাধারণত বাজারে খুব কমই আসে। এ কারণে মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি উন্নতমানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেকেই আগেভাগেই বুকিং দিয়ে রাখছেন।
সামুদ্রিক কোরাল মাছ স্বাদ ও পুষ্টিগুণের জন্য পরিচিত। এ প্রজাতির মাছ সাধারণত বঙ্গোপসাগরসহ অন্যান্য উষ্ণ সমুদ্র উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়।