Ridge Bangla

পাবনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পূর্বটিয়ারতলা গ্রামের মৃত মিয়াজান সরকারের ছেলে মো. মজর আলী (৪৯)।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মূলগ্রামের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন মজর আলী। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে একদল ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা’ স্লোগানসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ, চারটি বাজারের ব্যাগে রাখা আনুমানিক ৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।

মামলায় বেজপাড়া গ্রামের হেলাল উদ্দিন, হরিপুর গ্রামের মকবুল হোসেন, নৈউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার, জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু, নারিকেলপাড়া গ্রামের ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিউল রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন