সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাবা ও এক ছেলে প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছেন মা, এক ছেলে ও এক মেয়ে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)।
দুর্ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।
নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর সৌদি আরব থেকে মুঠোফোনে জানান, ঘটনার দিন সকালে রিনা, তার স্বামী এবং তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেট কারকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়।
তিনি বলেন, “আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ ঘটনার দিন সকালে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পথে তাদের প্রাইভেট কারকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগনে ও ভাগনি মারা যায়। এতে আমার দুলাভাই ও বড় ভাগনে মারাত্মক আহত হয়েছেন।”
তিনি আরও জানান, আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পরিবারের সদস্যরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।