Ridge Bangla

জাল সনদে শিক্ষক নিয়োগের মামলায় মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার করা হয় কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে।

অভিযোগ রয়েছে, জাল সনদের মাধ্যমে তিনি মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। তদন্ত শেষে সিআইডি প্রতিবেদন জমা দিলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

তবে সমন পাওয়ার পরও আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এর আগেও নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় সাইদুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া নিজের কর্মকাণ্ড আড়াল করতে তিনি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন