Ridge Bangla

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না হলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিলের ইঙ্গিত হোয়াইট হাউসের

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে সদ্য সই হওয়া বেসামরিক পারমাণবিক চুক্তি বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই সৌদি আরবসহ বিভিন্ন দেশকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গত বুধবার পারমাণবিক চুক্তিটি সই হলেও এর আগে কেন এ শর্ত প্রকাশ্যে জানানো হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

লেভিট বলেন, “আপনারা জানেন, প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন সময়ে বিষয়টি উল্লেখও করেছেন।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে এই নতুন শর্ত যুক্ত করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে এমনটি হয়নি। এটি অনেক আগে থেকেই প্রেসিডেন্টের নিজস্ব একটি ভাবনা।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও জানান, সৌদি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিয়ে ট্রাম্পের আলোচনা অব্যাহত থাকবে। তবে নতুন শর্ত ঘোষণার পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার কোনো কথা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সৌদি ক্রাউন প্রিন্স স্পষ্ট করে জানিয়েছিলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না।

ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট মাত্র কয়েক ঘণ্টা আগে এই বিবৃতি দিয়েছেন। এরপর এমবিএসের (মোহাম্মদ বিন সালমান) সঙ্গে তার কথা হয়েছে বলে আমার মনে হয় না। তবে আগের আলোচনাগুলোতেও তিনি বিষয়টি তুলেছিলেন এবং অতীতে বহুবার এ কথা বলেছেন।”

This post was viewed: 4

আরো পড়ুন