Skip to main content

Ridge Bangla

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে বহিষ্কার

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর দল থেকেও তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদার জয় (২৮) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য।

দলটির চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সই করা এক আদেশে আফতাব মজুমদার জয়কে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে আগ্রাবাদ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন আফতাব। শিক্ষার্থী বিয়ের আগে এতে রাজি না হলে তিনি বিয়ের প্রতিশ্রুতি দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে আফতাব ফোন করে ওই শিক্ষার্থীকে নগরীর বড়পুল এক্সেস রোডে যেতে বলেন। পরে সেখান থেকে তাকে চান্দগাঁও এলাকার বহদ্দারহাট মোড়ে অবস্থিত ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে নিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

ঘটনার পাঁচ দিন পর, গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করে পুলিশ।

This post was viewed: 18

আরো পড়ুন