Ridge Bangla

রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে সরকার বলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য সরকার কোনো ধরনের অনুরোধ বা নির্দেশ দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয়, সেটা তো আমরাও দেখব।’

তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিবভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত বা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে, তার সে অপশন আছে। কিন্তু আমরা এ বিষয়ে জানি না।’

সরকারের কোনো ভূমিকা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নাই।’

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা উনাকে (রাষ্ট্রপতি) জিজ্ঞেস করতে হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উনি (রাষ্ট্রপতি) চিকিৎসা নিতে বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা তো নিতেই পারেন।’

লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা আমি জানি না, আমরা শুনিনি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর দিতে হয়। এটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।’

This post was viewed: 5

আরো পড়ুন