মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মো. শরীফ হোসেন। তিনি জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান মিল্লাত। কুয়ালালামপুরে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন।
শরীফ হোসেন বলেন, “কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত মারা গেছে। খবর পাওয়ার পর থেকে পরিবারের সবাই ভেঙে পড়েছে।”
এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, খোঁজখবর নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত মিল্লাত হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন।