Ridge Bangla

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির উদ্যোগ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি এবং বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে দেশীয় কৃষ্টি-কালচারভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও একযোগে দিবসটি উদযাপনের ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এবারের আয়োজনের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা টেলিভিশন প্রচারচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন থাকবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় এবং এর অধস্তন সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 9

আরো পড়ুন