মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার প্রডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সেনা হেফাজতে থাকা মেজর (অব.) মোজাফফরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় গ্রেফতার হওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারোর’ থেকে শুরু করে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য রয়েছে। একই সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথন ও বিভিন্ন বিষয়ে মেজর (অব.) মোজাফফরের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফরকে (৭৭) গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানায়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।